জামিন পাওয়া আসামিদের হামলায় আহত কৃষকলীগ নেতার মৃত্যু
নরসিংদীর শিবপুরে জুয়েল (৩৫) হত্যা মামলায় জামিন পাওয়া আসামিদের হামলায় বাদী পক্ষের আহত ৩ জনের মধ্যে সৈয়দ সাইফুল ইসলাম হেকিম (৫২) নামে একজন মারা গেছেন।
গত ৪ জুলাই মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলার কোদালকাটা নামক স্থানে ওই হামলার ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মে রাতে শিবপুর উপজেলার ছুটাবন্দ গ্রামের সৈয়দ জুয়েল মিয়া নিখোঁজ হন।
৩০ মে পাশ্ববর্তী গ্রামের একটি মুরগীর ফার্মের ময়লার গর্ত থেকে জুয়েলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। ওই ঘটনায় নিহত জুয়েলের স্ত্রী ফেরদৌসি বেগম বাদী হয়ে উক্ত এলাকার আব্দুল কাদির মেম্বার, তার ছেলে ফটিক, জামাতা লিটনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এজাহারভুক্ত আসামি আব্দুল কাদির মেম্বার ও জামাতা লিটন এবং সন্দেহভাজন অপর জামাতা আনোয়ারকে গ্রেফতার করে।
আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদী পক্ষকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিতে থাকে। এরই জেরে গত ৪ জুলাই মঙ্গলবার দুপুরে হত্যার শিকার জুয়েলের চাচা সৈয়দ সাইফুল ইসলাম হেকিম, ভাই চপল ও চাচাতো ভাই রিফাতসহ বাদীর বাড়ির লোকজনের উপর জুয়েল হত্যা মামলার আসামি আব্দুল কাদির মেম্বার, সাইদ, বাতেন, লিটন ও আনোয়ারের নেতৃত্বে সশস্ত্র হামলা চালিয়ে আহত করে।
আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের মধ্যে সৈয়দ সাইফুল ইসলাম হেকিম ও রিফাতকে আশংকাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং চপল নামে একজনকে নরসিংদীর হাসপাতালে ভর্তি করা হয়।
৬ দিন চিকিৎসাধীন থাকার পর সৈয়দ সামসুল ইসলাম হেকিম মারা যান। শিবপুর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনি পদক্ষেপ নেয়া হবে।

0 comments:
Post a Comment